রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ভারতের ২২ রানের জয়ে নিউজিল্যান্ডে সিরিজ জয়

ভারত নিউজিল্যান্ডকে ২২ রানে হারিয়ে সিরিজ জয় করেছে।

ভারতের ২২ রানের জয়ে নিউজিল্যান্ডে সিরিজ জয়

৫ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ২২ রানে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ২০৯ রানে অলআউট হয় ভারত। জবাবে ১৮৭ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। এতে ৩-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে মেন ইন ব্লু'রা।

রোববার (১৫ নভেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কিউইরা। ভারতের শুরুটা ভালো হয়নি, মাত্র ২৩ রানে রোহিত শর্মার উইকেট হারায় দলটি। এরপর কোহলি ৭ বলে ৫ রান করে ম্যাথিউ ফিশারের শিকার হন। পরের ওভারে জ্যাকব ডাফির বলে বিদায় নেন ঋতুরাজ গায়কোয়াড়।

৩৩ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। এরপর শ্রেয়াস আইয়ার ও আক্সার প্যাটেল ৫৫ বলে ৫২ রানের জুটিতে দলকে সামাল দেওয়ার চেষ্টা করেন। আইয়ার ২২ রান করে আউট হলেও আক্সারের ব্যাটে আসে ৪৬ রান। পরে ঈশান কিশানের ৫৮ বলে ৪৬ এবং নামান ধীরের ৩১ বলে ২২ রানের ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় সফরকারীরা।

শেষদিকে মোহাম্মদ সিরাজ ২০ বলে ১৪ ও আর্শদীপ সিং মাত্র ৪ বলে ১৪ রান যোগ করেন। স্বাগতিকদের হয়ে জ্যাকব ডাফি ও মিচেল স্যান্টনার তিনটি করে উইকেট নেন। ম্যাথিউ ফিশার দুটি উইকেট শিকার করেন।

নিউজিল্যান্ড ২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে। ২৬ রানে টিম সেইফার্টের বিদায়ের পর উইল ইয়াং ও নিক কেলি ৩৮ রানের জুটি গড়েন। ইয়াং ৪২ বলে ২২ রান করে ফিরে গেলে আবারও চাপে পড়ে কিউইরা।

নিক কেলি ২৪ ও ফিন অ্যালেন মাত্র ১ রান করে আউট হন। মাইকেল ব্রেসওয়েল ৩৫ বলে ২৪, স্যান্টনার ৩১ বলে ২৪ রান করেন। ভারতের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন আর্শদীপ সিং। ১০ ওভারে ৩০ রান দিয়ে তিনটি উইকেট নেন।

মোহাম্মদ সিরাজ ৫০ রান দিয়ে দুটি এবং আক্সার প্যাটেল ২৮ রান খরচায় দুটি উইকেট শিকার করেন। আর্শদীপ সিং ম্যাচসেরার পুরস্কার জেতেন। সিরিজে ৯ উইকেট নিয়ে গুরুনুর ব্রার সিরিজসেরা হন। আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ওয়েলিংটনে শুরু হবে দু'দলের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

বিজ্ঞাপন