বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৬-এর 'কনসিউমার ও ইনক্লুশন' বিভাগে চ্যাম্পিয়ন হয়ে গোল্ড ট্রফি অর্জন করেছে বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সামিন ইয়াসার। তার উদ্ভাবনী প্রকল্পের নাম ‘ব্রেইলব্রিজ’ যা দৃষ্টিপ্রতিবন্ধী ও ব্রেইল ব্যবহারকারী শিক্ষার্থীদের জন্য ডিজিটাল শিক্ষাসামগ্রীকে আরও সহজলভ্য করতে সহায়তা করবে।
প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পাশাপাশি পলিটেকনিক পর্যায়ের শিক্ষার্থী এবং বিভিন্ন পটভূমির অংশগ্রহণকারীরা অংশ নেন। সামিন এই সাফল্য অর্জন করে বিশেষভাবে উল্লেখযোগ্য জায়গায় পৌঁছেছেন।
‘ব্রেইলব্রিজ’ প্রকল্পটি ডিজিটাল তথ্যকে একটি ব্যবহারযোগ্য স্পর্শনির্ভর মাধ্যমে পৌঁছে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে। প্রচলিত ব্রেইল বইয়ের আকার, খরচ ও বহনের অসুবিধার কথা বিবেচনা করে প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল তথ্য ও ব্রেইল পাঠের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি সামিন আন্তর্জাতিক রাউন্ডে অংশ নেবেন এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স অ্যাওয়ার্ডসে (এপিআইসিটিএ), যা ‘আইসিটি অস্কারস’ নামেও পরিচিত। এবারের আন্তর্জাতিক আয়োজন অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়।
সামিনের এই অর্জন কেবল একটি প্রতিযোগিতার পুরস্কারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি বাস্তব একটি অন্তর্ভুক্তিমূলক চ্যালেঞ্জকে প্রযুক্তির মাধ্যমে সমাধানের চেষ্টা করছে। শিক্ষাকে আরও সহজলভ্য করার চিন্তাই প্রকল্পটির মূল শক্তি।