নভেম্বরের শুরুতেই কক্সবাজার আঞ্চলিক বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শনিবার সন্ধ্যায় রাজধানীতে বিশ্ব পর্যটন দিবস পালন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান ২ থেকে ৩ শতাংশ, যা সরকার ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করতে চায়। তিনি আশা প্রকাশ করেন যে, আধুনিক টেকসই প্রতিযোগিতা মূলক পর্যটন খাত গড়ে তুলে বাংলাদেশকে একটি পর্যটন হাব হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে প্রথমবারের মতো বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড চালু করা হয়। এই পুরস্কার টেকসই পর্যটন, উদ্ভাবন, সেবার মান, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ১৩টি ক্যাটাগরিতে প্রদান করা হয়।
এছাড়া, অনুষ্ঠানে ১২টি বিষয়ভিত্তিক স্টলে বাংলাদেশের খাবার, ভৌগোলিক নির্দেশক পণ্য, কারুশিল্প, বস্ত্র, সাংস্কৃতিক ঐতিহ্য এবং পর্যটন কেন্দ্রগুলো তুলে ধরা হয়। স্টলগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভিন্ন পর্যটন গন্তব্যের ভার্চুয়াল অভিজ্ঞতাও প্রদর্শিত হয়।