ঝিনাইদহের শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দফতর। শনিবার (৩ অক্টোবর) কুমার নদের দেবতলা ও দামুকদিয়া ঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মোট ৭৭ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। অভিযান শেষে জব্দ করা জালগুলো কবিরপুর নতুন ব্রিজের পাশে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেন জানান, চায়না দুয়ারী জাল মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী ও মাছের পোনা ধ্বংস করছে। তিনি বলেন, "মৎস্য সম্পদ রক্ষা এবং নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।"
তিনি আরও জানান, কেউ নিষিদ্ধ জাল ব্যবহার বা বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।