চলতি অর্থবছরের (২০২৬-২৭) প্রথম প্রান্তিকে দেশের পণ্য রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৩৪ শতাংশ। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই তিন মাসে রপ্তানি হয়েছে ১৩ বিলিয়ন ডলারের বেশি।
তৈরি পোশাকের পাশাপাশি চামড়া, পাট, প্রকৌশল পণ্য ও ওষুধ রপ্তানিতেও বেড়েছে আয়। আগের অর্থবছরের (২০২৫-২৬) একই সময়কালে দেশের পণ্য রপ্তানি হয়েছিল ১২ দশমিক ৩১ বিলিয়ন ডলার।
এ বছরের প্রথম প্রান্তিকে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ১০ শতাংশ, চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে ১৪ দশমিক ৭৪ শতাংশ, পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে ৩১ দশমিক ৫৫ শতাংশ, এবং প্রকৌশল পণ্য রপ্তানি বেড়েছে ১৬ দশমিক ৫১ শতাংশ।
রপ্তানি প্রবৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে রয়েছে ওষুধ শিল্প, যেখানে রপ্তানি বেড়েছে ৪০ দশমিক ৩৯ শতাংশ। তবে কৃষিপণ্য, মাছ ও চিংড়িসহ কিছু পণ্যের রপ্তানি আয় আগের তুলনায় কমেছে।
এ সময়ে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্রে।