চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়ে ৭৪৭ কোটি ডলারে পৌঁছেছে। এই সময়ে রপ্তানির তুলনায় আমদানির ব্যয় দ্বিগুণ হয়েছে, যা অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে পেট্রোলিয়াম পণ্যের আমদানিতে ব্যয় ১০৫ শতাংশ বেড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তার কারণে আমদানিতে ব্যয় বাড়ছে।
অর্থনীতিবিদ এম এস সিদ্দিকী বলেন, “মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ববাজারে জ্বালানি তেল ও এলএনজির দাম বৃদ্ধির পাশাপাশি বেড়েছে জাহাজভাড়া ও পরিবহন ব্যয়।”
এছাড়া, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ভোগ্যপণ্যের আমদানিতেও ব্যয় বেড়েছে ১৪০ কোটি ডলার। এর মধ্যে ভোজ্যতেলে ৫৪ শতাংশ এবং গমে ৬৬ শতাংশ ব্যয় বৃদ্ধি পেয়েছে।
যদিও রপ্তানি আয় বেড়েছে, তবে তা আমদানির ব্যয়ের তুলনায় অনেক কম। ফলে বাণিজ্য ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় ১৭৬ কোটি ডলার বেড়ে গেছে।
এ পরিস্থিতিতে চলতি হিসাব ও সামগ্রিক লেনদেনের ভারসাম্যেও ঘাটতি তৈরি হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য উদ্বেগজনক।