চলতি অর্থবছরে ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে পণ্য খাতে ৫৫ দশমিক ২০ বিলিয়ন এবং সেবা খাতে ৮ দশমিক ২০ বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত অর্থবছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
রোববার সচিবালয়ে এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, প্রতিবছর নতুন অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয় এবং এ বছরও তার ব্যতিক্রম হয়নি।
মন্ত্রী জানান, সরকার জ্বালানি সংকট কাটাতে কাজ করছে এবং আশা প্রকাশ করেন যে, পরিস্থিতির উন্নতি হবে। তিনি বলেন, ‘জ্বালানি সংকট এখন বাস্তবতা। তবে এ সংকট মোকাবিলায় সরকার কাজ করছে।’
এছাড়া, নতুন বছরে রপ্তানি বাড়াতে সরকারের উচ্চাভিলাষী পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। বিশেষ করে চামড়া ও চামড়াজাত পণ্য, শিপবিল্ডিং, লাইট ইঞ্জিনিয়ারিং এবং তথ্যপ্রযুক্তি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রী জানান, চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি হবে। গত অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৫৫ বিলিয়ন ডলার, তবে অর্জিত হয়েছে ৪৮ বিলিয়ন ডলার।
খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ‘এই অর্থবছরে আমাদের রপ্তানির লক্ষ্যমাত্রা পণ্যের ক্ষেত্রে ১৫ শতাংশ প্রবৃদ্ধি এবং সেবার ক্ষেত্রেও ১৫ শতাংশ প্রবৃদ্ধি।’