জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য (এমপি) মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে দলটি। একই সঙ্গে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি উঠেছে।
শুক্রবার (২ অক্টোবর) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। তিনি জানান, মেজর (অব.) আখতারুজ্জামানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা, হুমকি ও বিশৃঙ্খলার অভিযোগে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মিয়া গোলাম পরওয়ার বলেন, মেজর (অব.) আখতারুজ্জামান ১ অক্টোবর পবিত্র ওমরা পালন শেষে দেশে ফেরেন। বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি নানা ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হন। এর প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করে তিনি সংশ্লিষ্টদের কাছে হয়রানি বন্ধের দাবি জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও লাগেজ নিয়ে অসদাচরণের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। পুলিশ ঘটনার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্ত করবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, তদন্তের আগেই মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি এ মামলার নিন্দা জানান।
তিনি আরও বলেন, বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা ও হয়রানির অভিযোগ রয়েছে। বিশেষ করে নারী, অসুস্থ ও বয়স্ক যাত্রীদের অতিরিক্ত ভোগান্তির বিষয়টিও উল্লেখ করেন তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মেজর (অব.) আখতারুজ্জামানসহ বিমানবন্দরে ভোগান্তির শিকার হওয়া যাত্রীদের অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে যাত্রী হয়রানি বন্ধ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানান।