শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জামায়াতের নিন্দা, আখতারুজ্জামানের মুক্তির দাবি

জামায়াত সাবেক এমপি আখতারুজ্জামানের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে মুক্তির দাবি করেছে।

জামায়াতের নিন্দা, আখতারুজ্জামানের মুক্তির দাবি

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে এবং তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি করেছে। আজ শুক্রবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার পবিত্র ওমরাহ পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরেন আখতারুজ্জামান। বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি যাত্রীদের মতো বিভিন্ন ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হন। এর প্রতিবাদে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হয়রানি বন্ধের দাবি জানান।

মিয়া গোলাম পরওয়ার জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মকর্তাকে যাত্রী হয়রানি ও লাগেজ নিয়ে অসদাচরণের অভিযোগে বরখাস্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য সংগ্রহ করে তদন্ত করা হবে। তবে, তদন্তের আগেই আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয় এবং আজ সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, ‘আমি তাঁর বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছি।’ জামায়াতের নেতা আরও বলেন, বিমানবন্দরের ইমিগ্রেশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও হয়রানির অভিযোগ রয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, যাত্রীদের অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ, দীর্ঘ সময় অপেক্ষায় রাখা এবং অসম্মানজনক আচরণের কারণে যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, আখতারুজ্জামানসহ যেসব যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন, তা নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এছাড়া, বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, সেবার মান নিশ্চিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি প্রতিষ্ঠারও দাবি জানান জামায়াতের এই নেতা।

বিজ্ঞাপন