দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭৮ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মোট ২৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মৃত্যু হয়েছে ৪৩ জনের। সেপ্টেম্বর মাসে ১৫২, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৭৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৫৯৮ জনে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮০৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ হাজার ৬৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৬৮৪ জন। খুলনা বিভাগে ২৫৬, বরিশালে ২৬০, চট্টগ্রামে ৩৫৮, ময়মনসিংহে ৯৪, রংপুরে ১০১ জন, রাজশাহী ২০৯ জন এবং সিলেটে ১১ জন রোগী ভর্তি হয়েছেন।