শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির বিভাগের ২০০৬ সেশনের শিক্ষার্থী জুলকারনাইন রাদের বড় ছেলে মুহাম্মাদ মুয়াজ আব্দুল্লাহ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার জন্ম ২০২১ সালের ডিসেম্বরে। মাত্র আড়াই বছর বয়সে প্রথমবার ক্যান্সারের শিকার হয়ে মুয়াজ ৮ সাইকেল কেমোথেরাপি, ৩৯ সেশন রেডিওথেরাপি এবং ৬টি অস্ত্রোপচার সম্পন্ন করেন।
মুয়াজের চিকিৎসায় দোয়া ও সহযোগিতার ফলে ক্যান্সারকে পরাস্ত করা সম্ভব হয়েছিল। তবে সম্প্রতি তার দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া ও জ্বরের কারণে পরীক্ষায় ব্লাড ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে।
বর্তমানে মুয়াজের জন্য BFM 2004 প্রোটোকল অনুযায়ী কেমোথেরাপি শুরু হয়েছে, যার জন্য আনুমানিক ৭৫ লাখ টাকার হাসপাতাল খরচ হচ্ছে। এছাড়া ক্যান্সার পুরোপুরি নির্মূল করতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টের জন্য তাকে ভারতের বেঙ্গালুরুতে নিয়ে যেতে হবে, যেখানে আরও ৫০ লাখ টাকার প্রয়োজন।
মোট মিলিয়ে মুয়াজের চিকিৎসার জন্য আনুমানিক সোয়া কোটি টাকার প্রয়োজন। তার পরিবার সমাজের হৃদয়বান ও বিত্তশালী মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। মুয়াজের জন্য এটি একটি নতুন জীবন পাওয়ার সুযোগ।