রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বিকেল থেকে সন্ধ্যার দিকে হালকা বৃষ্টিসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আকাশ মেঘলা থাকার পাশাপাশি তাপমাত্রাও সামান্য কমবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এ সময় আকাশ মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আজ দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যেখানে বাতাসে আর্দ্রতা ছিল ৫০ শতাংশ। গত ৬ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টি হয়নি।
গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫০ মিনিটে।
এদিকে, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময় কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।