ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি হওয়ায় ইউরোপের দেশগুলোকে তাদের জাতীয় জরুরি কৌশলগত মজুদ থেকে ডিজেল বাজারে ছাড়ার জন্য আহ্বান জানাতে পারে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে মন্তব্য করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, "আমরা হয়তো তাদের এমন অনুরোধ করতে পারি। তাদের কাছে ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে।" আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা চলাকালীন তিনি এ মন্তব্য করেন।
ইরান সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজার মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং এর ফলে ডিজেলের মূল্য দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশের ওপর কৌশলগত জ্বালানি রিজার্ভ ব্যবহারের চাপ বাড়ছে।
সংকটকালীন জ্বালানি পরিস্থিতি নিয়ে ট্রাম্প আরও জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি শিগগিরই সমাপ্ত হবে এবং এই সংঘাত বন্ধ হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম নাটকীয়ভাবে কমে আসবে।