৪৯তম বিসিএস পরীক্ষায় রাজনৈতিক কারণে কোনো প্রার্থীকে বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, "রাজনৈতিক কারণে ৪৯তম বিসিএসে কেউ বাদ যায়নি। এখনো ১১ দিন আছে যোগদানের। ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করেছি। বাকি ৪৬ জনের জন্য প্রজ্ঞাপন হবে।"
তিনি আরো বলেন, "অস্থিরতা সৃষ্টি নয়। ভেরিফিকেশন একটি নিয়মিত প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করার কোনো কারণ নেই। কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার না করার অনুরোধ করছি।"
সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, "অপরাধকে অপরাধ হিসেবে গ্রহণ করছি। বিগত ৬ মাসে অপরাধ সংঘটিত হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেয়নি, এমনটি কেউ বলতে পারবে না।"
তিনি জানান, "ফুটপাত হকারমুক্ত করার চেষ্টা আমাদের। বিকল্প কিছু করা যায় কি না সেটা ভাবছি। শৃঙ্খলায় আনতে চাই। এর সাথে অস্থিরতা সৃষ্টির কোনো সম্পৃক্ততা নেই।"