বিগত ১৭ বছর একটি সরকার প্রশাসন ও পুলিশ বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানী। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শহীদউদ্দীন চৌধুরী বলেন, বিগত ১৭ বছর একটি সরকার পুলিশ প্রশাসনকে যেভাবে পরিচালনা করেছে, তাতে তারা মূলত নিজেদের স্বার্থেই এই বাহিনীকে ব্যবহার করেছে। তিনি আরও জানান, বিএনপি এখন একটি নির্বাচিত সরকার হিসেবে জনগণের কল্যাণে দেশ পরিচালনা করতে চায়।
মন্ত্রী বলেন, "আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যক্তিগত স্বার্থে বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। দেশের স্বার্থে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এই বাহিনীকে কাজে লাগাতে হবে।"
তিনি উল্লেখ করেন, একটি নির্বাচিত সরকারের জন্য জনগণের কাছে জবাবদিহি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বড় দায়িত্ব। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার অর্থই হলো জনগণের প্রতি দায়বদ্ধ থাকা এবং তাদের কল্যাণে কাজ করা।
শহীদউদ্দীন চৌধুরী আরও বলেন, বিগত দিনে ক্ষমতাসীনদের মধ্যে জবাবদিহির অভাব ছিল। তারা অনেক ক্ষেত্রেই জনগণের স্বার্থ ও অধিকার উপেক্ষা করেছে। গণতন্ত্র, আইনের শাসন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করা গেলে দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও সামগ্রিক অর্থনৈতিক পরিবেশ আরও শক্তিশালী হবে।