জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ১৯৫ সদস্যের কমিটি পুনর্গঠন করেছে। নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব পদে বহাল রাখা হয়েছে।
নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নাসীরউদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে সারজিস আলম, আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। আগের কমিটির দুই সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন।
শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে পুনর্গঠিত কমিটির ঘোষণা করা হয়। এই পুনর্গঠনের মাধ্যমে এনসিপির সাংগঠনিক কাঠামোতে কিছু পরিবর্তন আনা হয়েছে, যার ফলে মুখ্য সমন্বয়ক, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, মুখপাত্রসহ সাতটি পদ বিলুপ্ত করা হয়েছে।
কমিটিতে ২৪ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ছয়জনকে যুগ্ম সদস্যসচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে ৩২টি সম্পাদকীয় পদে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তাদের সঙ্গে এক-দুজন করে সহসম্পাদকও নিয়োগ করা হয়েছে।
এছাড়া, কমিটিতে ১৯ জন সহসম্পাদক এবং ৫৮ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। ১১ জনকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।