ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া অফিস জানিয়েছে, আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাতের মধ্যে পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬১ শতাংশ ছিল।