মিয়ানমার ও পূর্বমধ্য বঙ্গোপসাগরসহ উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় স্থল নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিশেষ সতর্কবার্তায় বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নিম্নচাপটি মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এ সময় এর অবস্থান ছিল ২১.২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৪.৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
নিম্নচাপটির প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দর, পূর্বমধ্য বঙ্গোপসাগর, উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে।