বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ উপকূলীয় মিয়ানমার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর আন্দামান সাগর ও মিয়ানমার উপকূলের কাছাকাছি গিয়ে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। সোমবার বিকেল ৩টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল।
এছাড়া, কক্সবাজার থেকে ৮১০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৮০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে নিম্নচাপটির অবস্থান ছিল। আবহাওয়া অধিদফতর জানায়, নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তিশালী হতে পারে।
নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার সময় এ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি সাগর উত্তাল রয়েছে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।