অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর ঘোষণা দিয়েছে। এই পদক্ষেপের ফলে দেশটিতে সুদের হার গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া (আরবিএ) নগদ সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪ দশমিক ৬ শতাংশ করেছে।
কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে জানায়, 'বিশ্বজুড়ে তেলের সরবরাহ ব্যবস্থায় আরও বিঘ্ন ঘটেছে। সাম্প্রতিক তথ্য বলছে, অস্ট্রেলিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি হয়েছে।'
ব্যাংকটি আরও জানায়, জ্বালানির উচ্চমূল্যের প্রভাব অন্যান্য পণ্য ও সেবার দামেও ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।