জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে নিত্যপণ্যের ওপর কোনো লক্ষণীয় প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ মঙ্গলবার সকালে সিলেটের লাক্কাতুরা চা বাগানে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী জানান, "জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে যাতে কোনো পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি না হয়, সেজন্য বাজারে কঠোর মনিটরিং করবে সরকার।" তিনি চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও বিভিন্ন সুবিধা নিশ্চিত করার জন্য সরকারের নানা উদ্যোগের কথাও উল্লেখ করেন।
মুক্তাদির বলেন, চা বাগানগুলোতে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ করা হবে এবং চা শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে।
এর আগে, বিভিন্ন চা বাগানের ১৯৮০ জন শ্রমিকের মাঝে রেইনকোট বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ছাড়াও রাজনৈতিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।