জ্বালানি তেলের দাম বৃদ্ধি মানুষের টিকে থাকা কঠিন করে দেবে বলে মন্তব্য করেছে খেলাফত মজলিস। সংগঠনটি অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে।
দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবদুল হাফিজ খসরুর পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, সরকার লিটার প্রতি ২০ টাকা দাম বাড়িয়ে জনজীবনকে বিপর্যস্ত পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।
তারা আরও বলেন, দেশে মূল্যস্ফীতি এখনো ৮ শতাংশের বেশি। এই অবস্থায় জ্বালানি তেলের দাম বাড়ানো মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দেবে। বিগত ৫ মাসে সরকার একাধিকবার জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়িয়েছে।
গতকাল আবার তেলের দাম বাড়ানোর পর গ্যাসের দামও বাড়ানোর আশঙ্কা প্রকাশ করেছেন তারা। বিবৃতিতে বলা হয়, সরকারি চাকরিজীবীদের বেতন ১০০-১৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, কিন্তু সাধারণ জনগণের অবস্থা এখনও করুণ।
তারা প্রশ্ন তোলেন, মানুষের ক্রয় ক্ষমতা না থাকলে শুল্ক-কর কোথা থেকে আসবে? এর মানে হলো, তেলের দাম বাড়িয়ে সরকার যতটুকু ভর্তুকি কমাবে, তার চেয়ে বেশি রাজস্ব হারাবে এবং জনগণের জীবন-জীবিকা দুর্বিসহ করে তুলবে।
সংগঠনটি অবিলম্বে জ্বালানি তেল, বিদ্যুৎ এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানিয়েছে।