সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ সোমবার সাংবাদিকদের জানান, তেলের দাম সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি করা হয়েছে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির কারণে সরকারকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সংকট প্রতিদিন নতুন মাত্রায় যুক্ত হচ্ছে এবং সরকারের সামনে দাম সমন্বয় ছাড়া বিকল্প ছিল না।
অনিন্দ্য ইসলাম অমিত জানান, ভতুর্কির মাধ্যমে বিপিসি ২২ হাজার কোটি টাকার বেশি লোকসান দিয়েছে। আন্তর্জাতিক বাজারের দামের তুলনায় ডিজেলের দাম ২০৫ টাকা পড়ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো ৭০ টাকা ভতুর্কি দিতে হচ্ছে।
তিনি আরও বলেন, প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম সবচেয়ে কম ছিল, যার ফলে পাচার হওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল।
সরকারের উদ্দেশ্য হচ্ছে, দাম বৃদ্ধির অভিঘাত যত কম করা যায় সেই চেষ্টা করা। বাসে ভাড়া যৌক্তিকভাবে বাড়ানোর বিষয়টি মনিটরিং করা হবে এবং যোগাযোগ ও নৌপরিবহন মন্ত্রণালয়কে ভাড়া সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে। বাজার অস্থিতিশীলতা কাটলে দাম সমন্বয় করা হবে।