সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানী। তিনি বলেন, হামলার কোনো যৌক্তিকতা ছিল না।
আল-শাইবানী তেল আবিবের দাবি প্রত্যাখ্যান করে বলেন, ওই ঘাঁটিতে তুরস্কের সামরিক উপস্থিতি গড়ে তোলার উদ্দেশ্য ছিল না। তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এক্সিওসে সাক্ষাৎকারে জানান, বিমানঘাঁটিটি ফাঁকা ছিল এবং সিরীয় বিমানবাহিনীর ব্যবহারের জন্য সাধারণ সংস্কার কাজ চলছিল।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, হামলার কয়েক দিন আগে ঘাঁটিতে তুর্কি সামরিক কর্মকর্তাদের সফর ছিল নিয়মিত প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের অংশ। তিনি বলেন, এটি সৌদি আরব, জর্ডান, কাতার ও রাশিয়ার সাথে সিরিয়ার সহযোগিতার মতোই স্বাভাবিক।
আল-শাইবানী জোর দিয়ে বলেন, সিরিয়া একটি সার্বভৌম রাষ্ট্র এবং তুরস্কসহ যেকোনো দেশের সাথে সহযোগিতার অধিকার রয়েছে। তিনি যুক্ত করেন, সিরিয়া নিরাপত্তা সমঝোতার জন্য উন্মুক্ত হলেও উত্তেজনা প্রশমনের দায়িত্ব কেবল একক কোনো পক্ষের হতে পারে না।
তিনি ওয়াশিংটনকে জানিয়ে দেন যে সিরিয়ার প্রতি ইসরায়েলের উদ্দেশ্য বিশ্বাসযোগ্য নয় এবং তেল আবিবের বর্তমান নীতি সিরিয়া কিংবা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক নয়।