বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা ছাত্রদের হামলা, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলার ঘটনায় ৩০ জন আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা ছাত্রদের হামলা, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গানবাজনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে, যা জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানকে পণ্ড করে দেয়।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং পাল্টা হামলায় মাদরাসার শিক্ষার্থীসহ ৩০ জন আহত হন। আহতদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর উপস্থিতিতে অনুষ্ঠান চলাকালীন জাসাস সদস্যরা সঙ্গীত পরিবেশন করছিলেন। এ সময় পার্শ্ববর্তী দারুল আরকাম মাদরাসার শিক্ষার্থীরা সেখানে এসে উচ্চস্বরে গান বাজানোর বিরুদ্ধে প্রতিবাদ জানান।

এ নিয়ে পুলিশের সাথে মাদরাসা ছাত্রদের মধ্যে তর্কবিতর্ক শুরু হলে উত্তেজনা বৃদ্ধি পায়। একপর্যায়ে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইন্সের ভেতরে প্রবেশ করে সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা চালায়।

পুলিশের লাঠিচার্জের পর মাদরাসা ছাত্ররাও ঢিল ছুঁড়তে শুরু করেন, যার ফলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। দারুল আরকাম মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, বুধবার তাদের মাদরাসায় পরীক্ষা রয়েছে এবং উচ্চস্বরে গান বাজানো তাদের সমস্যা সৃষ্টি করছিল।

তারা প্রথমে পুলিশের কাছে উচ্চস্বরে গান কমানোর জন্য আবেদন জানান, কিন্তু পরে অভিযোগ করেন যে, পুলিশ আবারো গান বাজানোর শব্দ বাড়িয়ে দেয়। এ ঘটনার পর শিক্ষার্থীরা দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন এবং অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দেন।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

বিজ্ঞাপন