নরসিংদীতে গতরাত সোমবার (১৭ আগস্ট) থেকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আবারও বাসা-বাড়ি, কল-কারখানা এবং সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে। এর ফলে সিএনজি স্টেশনগুলোতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
বাসা-বাড়িতে রান্নার গ্যাসের অভাবে সেখানেও তৈরি হচ্ছে বৈরী পরিস্থিতি। গ্যাসের অভাবে তৈরী পোশাক কারখানাগুলোতে উৎপাদন ধসের শঙ্কা দেখা দিয়েছে। গ্যাস নির্ভর প্রতিষ্ঠানগুলো আশঙ্কা করছে, এই পরিস্থিতি চলতে থাকলে দেশের অধিকাংশ সেক্টরে দীর্ঘ মেয়াদী প্রভাব পড়বে।
গ্যাস সংকটের বিষয়ে তিতাস কর্তৃপক্ষ জানায়, নরসিংদীতে গ্যাসের চাপ নেই বললেই চলে। যেটুকু গ্যাস পাওয়া যাচ্ছে, সেটি দেশের সর্ববৃহৎ ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহ করা হচ্ছে।
সরকারের সিদ্ধান্ত এবং চাপ না পাওয়া গেলে এই সংকট নিরসন সম্ভব নয় বলেও উল্লেখ করে তারা। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে জনসাধারণের মধ্যে ক্ষোভ বাড়তে পারে।