গোপালগঞ্জের মুকসুদপুরে ঋণের কিস্তি পরিশোধে অক্ষম হয়ে মানসিক চাপে বিষপানে এক সন্তানের মৃত্যু ঘটেছে। তার শোক সইতে না পেরে বাবারও মৃত্যুর ঘটনা ঘটেছে। গত সোমবার মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
মৃত ছেলে লিটন কাজী (৩২) এবং তার বাবা মান্নান কাজী (৬০) স্থানীয় সূত্রে জানা যায়, লিটন বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে ব্যর্থ হন। গত রোববার সকালে তিনি বিষপান করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপর সোমবার বিকেলে লিটনের মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে, বাবা মান্নান কাজী তার ছেলের মরদেহ দেখে শোকে অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই মারা যান।
লোহাচুড়া গ্রামে বাবা ও ছেলের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয় এবং তাদের একসঙ্গে দাফন করা হয়। এই ঘটনায় পরিবার, স্বজন এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আর মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতের ভাই থানায় অভিযোগ করেছেন এবং তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।