স্থানীয় সরকার বিভাগের পাঁচটি নির্বাচন, যার মধ্যে রয়েছে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ, চলতি ২০২৬-২৭ অর্থবছরে অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য সরকার বদ্ধপরিকর এবং এ জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের প্রস্তুতি সম্পন্ন হলে কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করা হবে।
মীর শাহে আলম বলেন, গত ২০ বছরে দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বর্তমান সরকার ভঙ্গুর অর্থনীতির মাঝেও উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের বিভিন্ন এলাকার সৌন্দর্যবর্ধনেও উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ সময় তিনি ঢাকা-আরিচা মহাসড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করে সেখানে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর কথা উল্লেখ করেন। তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের অন্যান্য স্থানে ময়লা-আবর্জনা পরিষ্কার করে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হবে।
আমিনবাজার ও আশুলিয়া পৌরসভা বাস্তবায়নের উদ্যোগও নেওয়া হবে বলে জানান মন্ত্রী।