স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। আগামী বছরের প্রথম দিকে এই ভোট অনুষ্ঠিত হতে পারে।
তিনি বলেন, আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে। ভোটের নির্দিষ্ট তারিখ নির্বাচন কমিশন নির্ধারণ করবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে মীর শাহে আলম জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য মন্ত্রণালয় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদের জন্য প্রায় আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
স্থানীয় সরকারের সব অফিস ও দফতরের ভবনের ছাদে বিদ্যুৎ উৎপাদনের জন্য সোলার প্যানেল বসানোর পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
এ প্রকল্পের আওতায় ৬৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসানো হবে, যার জন্য ৩৭০ কোটি টাকা ব্যয় হবে। আগামী ২৭ জানুয়ারি থেকে এসব সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
মন্ত্রীর মতে, ছাদে বসানো সোলার প্যানেল থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে, এর মধ্যে ১৫০ মেগাওয়াট প্রতিষ্ঠানগুলো নিজেদের ব্যবহারের জন্য এবং বাকি ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করা হবে।