প্রধানমন্ত্রী তারেক রহমান মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছেন।
জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ সহযোগিতা চান। বর্তমানে যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান উপলক্ষে অবস্থান করছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে প্রধানমন্ত্রীর আবাসস্থলে দ্বিপক্ষীয় এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনকভাবে নিজ দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান।