সোমবার সকালে তিন ঘণ্টার ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছে চট্টগ্রাম নগরীর বেশ কিছু নিচু এলাকা। হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে গেছে এসব এলাকা, যা নগরবাসীর জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করেছে।
আবহাওয়া অফিস জানায়, সোমবার ভোর থেকে শুরু হওয়া বিরামহীন বৃষ্টি তিন ঘণ্টা ধরে চলেছে। সকাল নয়টা পর্যন্ত ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে আগ্রাবাদ, পাঁচলাইশ, কাতালগঞ্জ ও হালিশহরে বিভিন্ন নিচু এলাকায় পানি জমে গেছে।
জলাবদ্ধতার কারণে রাস্তার সাথে নালার পানি মিলেমিশে একাকার হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন এলাকার বাসিন্দারা, যারা নানা কাজে বের হতে বাধ্য হয়েছেন। অনেক যানবাহনও রাস্তায় জমা পানিতে আটকে পড়েছে।
বিশেষ করে সিএনজি অটোরিকশা চালকরা বেশি সংকটে পড়েছেন, অনেক গাড়ির ইঞ্জিন বিকল হয়ে গেছে। নগর কর্তৃপক্ষের পক্ষ থেকে স্থায়ী সমাধানের ব্যাপারে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইকতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ‘সংকট সমাধানের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।’
গত এক দশকে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের চারটি প্রকল্পের ৮৫ ভাগ কাজ শেষ হয়েছে, যার ব্যয় প্রায় ১৪ হাজার কোটি টাকা। তবুও জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না।