জ্বালানি সংকট উত্তরণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১৭ আগস্ট) বিকালে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরের সরকার জ্বালানি সংকট সৃষ্টি করেছে, যার নেতিবাচক প্রভাব জনগণের মধ্যে স্পষ্ট। তিনি জানান, সরকার এই সংকট উত্তরণের জন্য প্রতিনিয়ত কাজ করছে।
তিনি আরো বলেন, "এ সমস্যার সমাধান হবে বলে আশা করছি, কিন্তু রাতারাতি তা সম্ভব নয়; এটি সময়সাপেক্ষ হবে।"
সভায় মন্ত্রী মোংলা পোর্ট উন্নয়নের পদক্ষেপের কথাও উল্লেখ করেন। তিনি জানান, বন্দর এলাকায় একটি অর্থনৈতিক জোন স্থাপন করা হবে, যেখানে ৮৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে।
মন্ত্রী ড্রেজিংয়ের মাধ্যমে মোংলা পোর্ট চ্যানেলের নাব্যতা ১২ মিটার বজায় রাখার পরিকল্পনাও তুলে ধরেন।
এর আগে, দুপুরে বাগেরহাট শহরের দশানী এলাকায় দশানী-রামপাল-মোংলা জেলা মহাসড়কের দশানী থেকে গিলাতলা পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক পুননির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি।