ব্যাটারিচালিত ই–রিকশা সিটি করপোরেশনের অধীনে রেজিষ্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। এই রিকশাগুলো সৌর বিদ্যুতে রিচার্জ হবে।
আজ সোমবার সচিবালয়ে সৌর বিদ্যুতের ব্যবহার নিয়ে বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান। তিনি বলেন, "ব্যাটারিচালিত ই–রিকশাকে সিটি করপোরেশনের অধীনে রেজিষ্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। এজন্য বিধিমালা তৈরি করা হচ্ছে।"
প্রতিমন্ত্রী আরও জানান, সৌর বিদ্যুতের মাধ্যমে রিচার্জ করতে হবে। অন্যথায় নতুন নিবন্ধন ও পুরোনো নিবন্ধন নবায়ন করা হবে না। ঢাকাকে আটটি জোনে ভাগ করা হবে এবং প্রতিটি জোনে আট রঙয়ের ই–রিকশা থাকবে।
তিনি বলেন, "রিকশাগুলো জোনের বাইরে যেতে পারবে না। যদি তারা বাইরে যায়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।" বিধিমালা প্রণয়ন হলে কার্যক্রম শুরু হবে এবং এটি ১৩টি সিটি, পৌরসভা, উপজেলাসহ সব জায়গায় কার্যকর হবে।
মীর শাহে আলম জানান, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সরকারি অফিসে সৌর বিদ্যুত ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি, পৌরসভাসহ দপ্তরগুলোতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে।
এভাবে বিদ্যুত সাশ্রয় হবে এবং দুটি কমিটি গঠন করা হয়েছে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য। নেট মিটারিংয়ের মাধ্যমে বিদ্যুত সাশ্রয় ও জাতীয় গ্রিডে বিদ্যুত দেওয়ার ব্যবস্থা করা হবে।