বাংলাদেশে প্রথমবারের মতো ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য ৪ লাখ ৮ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জুনে উদ্বৃত্ত তারল্যের পরিমাণ ছিল ২ লাখ ৮৩ হাজার ৬৪০ কোটি টাকা।
বর্তমানে একটি ব্যাংকের তলবি ও মেয়াদি দায়ের ১৩ শতাংশ এসএলআর হিসেবে রাখতে হয়। এ ছাড়া নগদ জমা সংরক্ষণ বা সিআরআর রাখতে হয় ৪ শতাংশ। এই দুইয়ের অতিরিক্ত অর্থ উদ্বৃত্ত তারল্য হিসেবে বিবেচিত হয়।
মে শেষে উদ্বৃত্ত তারল্যের পরিমাণ ছিল ৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা। জুন মাসে উদ্বৃত্ত তারল্য বেড়েছে ৭১ হাজার কোটি টাকা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্যবসা-বিনিয়োগে ধীরগতি, উচ্চ খেলাপি ঋণ এবং ঋণ বিতরণে ব্যাংকগুলোর সতর্কতার কারণে দেশের ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য রেকর্ড উচ্চতায় উঠেছে। বর্তমানে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪ দশমিক ৪৭ শতাংশে নেমেছে।