অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকট ছয় মাস বা এক বছরে সমাধান সম্ভব নয়। তিনি জানান, সংকট কাটাতে অন্তত দুই বছরের সময় লাগবে।
আজ রোববার রাজধানীর একটি হোটেলে অ্যামচেম আয়োজিত সেমিনারে তিনি বলেন, "বিদ্যুৎ-গ্যাস ছাড়া অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই সংকট নিরসনে কাজ করছে সরকার।"
অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমান অর্থনীতি স্থিতিশীলতার প্রক্রিয়ায় রয়েছে এবং উত্তরাধিকারসূত্রে পাওয়া আর্থিক সংকট থেকে বেরিয়ে আসার চেষ্টা চলছে।
তিনি জানান, ভবিষ্যতে জ্বালানি চাহিদা মেটাতে নবায়নযোগ্য জ্বালানি, গ্যাস ও কয়লার সমন্বয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হচ্ছে।
এছাড়াও, কর ব্যবস্থায় লাল ফিতার দৌরাত্ম্য, দুর্নীতি ও হয়রানি কমিয়ে ব্যবসার পরিবেশ উন্নত করতে সরকার কাজ করছে।
অর্থমন্ত্রী বলেন, দেশের পুঁজিবাজার আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছে এবং বিদেশি প্রতিষ্ঠানগুলো, যেমন জেপি মরগান, পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী।