আজ সন্ধ্যা থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বুধবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে চলমান ভোগান্তির জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। বঙ্গোপসাগর উত্তাল থাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনালে নতুন গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। অন্য টার্মিনালটি দুর্ঘটনার কারণে পুরো সক্ষমতায় চালু করা সম্ভব হয়নি।
তিনি জানান, পুরো সক্ষমতায় টার্মিনালটি চালাতে হলে প্রায় ৭২ ঘণ্টার জন্য বন্ধ রাখতে হবে, যা একটি বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে এক্সিলারেট এনার্জির সঙ্গে আলোচনা চলছে এবং আজ তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনা চলছে, যাতে টার্মিনাল বন্ধ রাখার সময় নির্ধারণ করা যায়, যাতে জনদুর্ভোগ কম হয়। তিনি বলেন, মানুষের ভোগান্তি চরমে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই।
প্রাকৃতিক দুর্যোগের কারণে গ্যাস সরবরাহে অসহায়ত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রকৃতি স্বাভাবিক হলে গ্যাস খালাস করা যাবে এবং সেক্ষেত্রে গ্যাস সাপ্লাই স্বাভাবিক হবে। সরকার সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিগত সরকারগুলোর ভুল নীতির কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।