আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার দুপুরে রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকটে জনগণের চরম ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে এলএনজি খালাস ব্যাহত হয়েছে এবং গ্যাস সরবরাহে স্থবিরতা সৃষ্টি হয়েছে।
গতকাল নেওয়া বিশেষ কৌশলের মাধ্যমে আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা করা হচ্ছে। তিনি আরও জানান, মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আনার প্রক্রিয়া চলছে।
সরকার সংকট মোকাবিলায় বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের পরামর্শ নিচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, দেশীয় উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব নয়, তাই দীর্ঘমেয়াদি সমাধানের দিকে হাঁটছে মন্ত্রণালয়।
তিনি অতীতের ভুল নীতি ও তাৎক্ষণিক সমাধানের ফলেই বর্তমান সংকটের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন। এছাড়া, এক্সিলারেট টার্মিনাল থেকে পূর্ণ সক্ষমতায় কাজ করা সম্ভব হচ্ছে না বলেও জানান।
প্রতিমন্ত্রী জনগণের কাছে ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে বলেন, প্রকৃতির ওপরে কিছু করার নেই, তবে বিদ্যুৎ সরবরাহের প্রাণান্তকর চেষ্টা চলছে।