ভারতের আদালত বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে। এই তথ্য জানিয়েছেন ভারত সরকারের শীর্ষ কর্মকর্তারা।
আজ রোববার ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য অনুরোধ পুনর্ব্যক্ত করেছে তারেক রহমানের সরকার। ভারতের শীর্ষ সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের অনুরোধ বিচার বিভাগের সামনে আসবে এবং আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এক কর্মকর্তা জানান, প্রত্যর্পণের চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক বা কূটনৈতিক নয়, বরং আদালতের প্রক্রিয়ার ওপর নির্ভর করবে। আদালতকে প্রতিষ্ঠা করতে হবে যে, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করা অপরাধগুলো ভারতীয় আইনেও অপরাধ হিসেবে গণ্য হয় কিনা।
অন্য এক কর্মকর্তা জানিয়েছেন, শেখ হাসিনা নিজেই বলেছেন, তিনি এই বছরের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন। ২০২৪ সালের ৫ আগস্ট অভ্য্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।
এদিকে, ছাত্র–জনতার ওপর গণহত্যার মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিএনপি নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে তাকে ফেরত চাওয়ার প্রক্রিয়া চলছে।