অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘদিনের ভোগান্তি শেষ হলো। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণের বকেয়া টাকা প্রদান করতে সরকার ২ হাজার ৩৫ কোটি টাকা ব্যাংক হিসাবের অনুকূলে ছাড় করেছে। এ অর্থ ১ লাখ ২৩ হাজার আবেদনকারীর মধ্যে বিতরণ করা হবে।
১৫ আগস্ট শনিবার রাজধানীর ওসামানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান সফটওয়্যার সিস্টেমে ক্লিক করে এই কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অনলাইনে ৬৪ জেলার সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ১০ জন শিক্ষকের হাতে স্মারক চেক তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে অবসর সুবিধা বোর্ডের মাধ্যমে ভুয়া শিক্ষক দেখিয়ে তহবিলের টাকা আত্মসাৎ করার নজির রয়েছে। কর্মকর্তাদের যোগসাজশে একেকজনকে একাধিকবার টাকা দেওয়ার ঘটনাও ধরা পড়েছে।
এছাড়া শিক্ষকদের দেওয়া চাঁদার টাকা নির্দিষ্ট ব্যাংকে না রেখে কর্মকর্তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে নিয়ে ৭ হাজার কোটি টাকা নয়-ছয়ের মতো ঘটনার কথা উল্লেখ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এখন থেকে এই দুর্নীতি বন্ধ হবে এবং অবসরে যাওয়া বেসরকারি শিক্ষক-কর্মচারীরা নিয়মিত অর্থ পাবেন।