জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছেন নুর মোহাম্মদ নামে এক ব্যক্তি। শনিবার দুপুরে উপজেলার উলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, দুপুরে একটি ছোট নৌকায় করে নুর মোহাম্মদ ও তার দুই সঙ্গী যমুনা নদীর বরুল এলাকায় যান। সেখানে স্থানীয় জেলেরা তাদের জাল চোর সন্দেহে ধাওয়া করেন। প্রাণ বাঁচাতে তারা গুঠাইল এলাকায় গেলে সেখানকার জেলেরা তাদের পিছু নেন।
উলিয়া এলাকায় পৌঁছালে স্থানীয়রা তাদের ধরে ফেলেন এবং সেখানে বেধড়ক মারধরের শিকার হয়ে নুর মোহাম্মদ ঘটনাস্থলেই মারা যান। অপর দুইজন গুরুতর আহত হন।
নিহত নুর মোহাম্মদ গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের ময়েন শেখের ছেলে। আহত দুজন হলেন গাইবান্ধার বাটিকামারি এলাকার ছলিম বেপারীর ছেলে জাহাঙ্গীর এবং দেওয়ানগঞ্জের বরখাল গ্রামের ইসমাইলের ছেলে রফিকুল।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।