মাদারীপুরের শিবচরে পুকুরে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা ৩ টার দিকে শিবচর উপজেলা পাচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলেন আতিকা আক্তার ও জান্নাত আক্তার। আতিকা উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচামারা গ্রামের ফারুক ফরাজির মেয়ে এবং ঢাকার একটি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। অপরদিকে জান্নাত আক্তার শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হকের মেয়ে, যিনি স্থানীয় পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকা থেকে আতিকা তার বাবা-মায়ের সাথে গ্রামের বাড়িতে আসে। পরে সে তার দুই খালাতো বোনকে নিয়ে নানা বাড়িতে বেড়াতে যায়। সবাই মিলে নানা বাড়ির পুকুরে গোসল করতে নামে।
গোসলের সময় তিনজনই পানিতে ডুবে যায়। আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, যেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।