রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে পরিবারের সদস্যরা শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরিবারের সদস্যরা দ্রুত রিধিকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল করে। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানোর প্রক্রিয়া চলছে।’
পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করছে। তবে এর পেছনে অন্য কারও প্ররোচনা ছিল কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা যায়, রিধির এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই যুবকের সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটির একপর্যায়ে রিধি সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। রিধিকা রিধি মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও পরিচিত ছিলেন এবং তিনি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।”