মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে নিয়োজিত ইউএসএস আব্রাহাম লিংকন রণতরী নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত ৭ নাবিক নিহতের খবর মিথ্যা।
সেন্টকমের দাবি, সম্প্রতি কিছু প্রতিবেদনে বিমানবাহী রণতরীটিতে মারামারির ঘটনা ঘটেছে এবং আত্মহত্যার প্রবণতা বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে এসব তথ্য সঠিক নয় বলে মন্তব্য করেছে মার্কিন সামরিক কমান্ড।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) সেন্টকম জানায়, ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের পুনরায় দায়িত্বে যোগ দেওয়ার হার ৮৪.৪ শতাংশ, যা অন্যান্য বিমানবাহী রণতরীর মধ্যে অন্যতম সর্বোচ্চ।
সেন্টকম আরও জানায়, ২৬০ দিনেরও বেশি সময় সমুদ্রে অবস্থান, ১০ হাজার বিমান উড্ডয়ন এবং ১৫ লাখ পাউন্ড যুদ্ধাস্ত্র ব্যবহারের পরও আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের নাবিক ও মেরিনরা দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
এছাড়া সেন্টকম জানিয়েছে, বিমানবাহী রণতরীটিতে কোনো সেনাসদস্যের মৃত্যু হয়নি। তবে গত ৩ আগস্ট একজন নাবিক সমুদ্রে পড়ে গেলে তাকে দ্রুত উদ্ধার করা হয়।
সেন্টকমের ভাষ্য, আব্রাহাম লিংকনের দীর্ঘ ও গুরুত্বপূর্ণ মোতায়েন নিয়ে এ ধরনের ভুল তথ্য প্রচার করা মার্কিন সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারের প্রতি অন্যায়।