যুক্তরাষ্ট্রের ট্রেজারি সচিব স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক বিধিনিষেধ আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানায়।
বেসেন্ট উল্লেখ করেন, আগামী সপ্তাহে নতুন ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে। তিনি বলেন, "কোনো দেশের ওপর অর্থনৈতিক বিচ্ছিন্নতার ইতিহাসে এর আগে কখনও দেখা যায়নি—এমন কঠোর ব্যবস্থা আমরা ইরানের বিরুদ্ধে প্রয়োগ করতে যাচ্ছি।"
তিনি আরও জানান, এই পদক্ষেপটি হবে মূলত অভূতপূর্ব অর্থনৈতিক বিচ্ছিন্নতা এবং হরমুজ প্রণালিতে চলমান অবরুদ্ধ পরিস্থিতির একটি সমন্বিত যৌথ প্রয়াস।
বেসেন্ট বলেন, "ইরানের কোনো বন্দর থেকেই কোনো পণ্য বা জাহাজ ভেতরে ঢুকতে কিংবা বাইরে বের হতে পারবে না।"
হরমুজ প্রণালির আধিপত্য ও সামরিক অস্থিতিশীলতা কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিদ্যমান চরম উত্তেজনার মধ্যে এই ঘোষণা এসেছে।