কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৭৩ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ২২৭ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে, তবে অন্তত ৪০০ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গত সোমবার স্থানীয় সময় সকালে ভূমিকম্পটি রাজধানী বোগোতা থেকে ২৮০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ৯৬ কিলোমিটার গভীরে আঘাত হানে। ভূকম্পনটি রাজধানীসহ পার্শ্ববর্তী একাধিক শহরে প্রচণ্ডভাবে অনুভূত হয় এবং এর পর বেশ কয়েকটি আফটারশকও দেখা দেয়।
এ ঘটনার ফলে কলম্বিয়ার সাড়ে ১২ হাজারের বেশি বাড়িঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং প্রায় ৭৫ হাজার বসতবাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকর্মীরা এখনও জীবিতদের সন্ধানে কাজ করে যাচ্ছেন, তবে ধ্বংসস্তূপের মধ্যে থেকে আর কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।