শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য ছাড়লো মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন

মধ্যপ্রাচ্য থেকে ইউএসএস আব্রাহাম লিংকন দেশে ফিরছে ৯ মাস পর।

মধ্যপ্রাচ্য ছাড়লো মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন

নয় মাসের সামরিক মিশন শেষে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন মধ্যপ্রাচ্য ছাড়ছে। জাহাজটিতে থাকা নাবিক ও মেরিন সেনারা দেশে ফেরার পথে রয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সিবিএস নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন এক মার্কিন কর্মকর্তা।

ইউএসএস আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হতে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে আরেক মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন। দীর্ঘ সময় মোতায়েন থাকার কারণে লিংকনের নাবিকদের মানসিক স্বাস্থ্য, স্যানিটেশন ব্যবস্থা এবং খাবারের ঘাটতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে ছেড়ে যাওয়া ইউএসএস আব্রাহাম লিংকন, ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুদ্ধের কারণে তাদের মিশনের মেয়াদ বাড়ানো হয়। যুদ্ধ চলাকালে এই রণতরিটি ইরানে মার্কিন হামলায় অংশ নেওয়া উড়োজাহাজের অন্যতম ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়।

লিংকনের নাবিকদের পরিবারের উদ্বেগ প্রকাশ্যে আসার পর যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। মিলিটারি টাইমস ও স্টারস অ্যান্ড স্ট্রিপস-এ প্রকাশিত প্রতিবেদনে পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন জাহাজে অবস্থানের কারণে অনেক নাবিক মানসিক চাপের মধ্যে রয়েছেন।

তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিবারের উদ্বেগকে গুরুত্ব দিতে নারাজ ছিলেন। ট্রাম্প মন্তব্য করেন, জাহাজটি যথেষ্ট সময় ধরে মোতায়েন ছিল না।

গত সপ্তাহে মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইউএসএস আব্রাহাম লিংকন পরিদর্শন করেন। তিনি জানান, সমুদ্রে দীর্ঘদিন মোতায়েন থাকা ‘কঠিন ও চ্যালেঞ্জিং’। মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, এটি ব্যক্তির সামগ্রিক স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, জাহাজটিতে আত্মহত্যার চেষ্টা বা চিন্তার ঘটনা বেড়েছে—এমন কোনো তথ্য নেই। তবে গত ৩ আগস্ট এক নাবিক পানিতে পড়ে যাওয়ার ঘটনায় তদন্ত চলছে। ইউএসএস আব্রাহাম লিংকন এখন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছে এবং সান দিয়েগোতে পৌঁছাতে প্রায় তিন সপ্তাহ লাগতে পারে।

বিজ্ঞাপন