ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৭৫৭ জন মার্কিন সেনা আহত হয়েছেন এবং নিহত হয়েছেন ১৮ জন। এই তথ্য মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যভান্ডার থেকে পাওয়া গেছে, যা বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
পেন্টাগন স্থানীয় সময় বুধবার তথ্যভান্ডার হালনাগাদ করেছে, যেখানে ৫০ জনের বেশি আহত সেনার তথ্য নতুন করে যুক্ত করা হয়েছে। তবে, এসব হতাহতের ঘটনা ঠিক কোন সংঘাতে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।
গত মাসে ওভারসিজ অপারেশনস নামে নতুন একটি বিভাগ চালু করা হয়, যার আওতায় ৭ জুলাই থেকে নিহত ও আহত সেনাদের তথ্য যুক্ত করা হচ্ছে।
এদিকে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে পৌঁছেছে এবং ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ।
ইরানের সঙ্গে সংঘাত বন্ধে তেহরান ও ওয়াশিংটনের আলোচনায় এখনও অচলাবস্থা বিরাজ করছে। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি ভালো বলে মন্তব্য করলেও পরবর্তীতে ইরানের সঙ্গে আলোচনা স্থগিত রেখেছেন।