নজিরবিহীন ভারী বর্ষণে বিপর্যস্ত হয়েছে জাপানের পূর্বাঞ্চল। আকস্মিক বন্যা ও তীব্র জলাবদ্ধতার কারণে অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে একজন গাড়ির ভেতরে আটকে পড়ে পানির নিচে তলিয়ে গিয়ে মারা যান।
গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় চিবা রাজ্যে ৩৬০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিবৃষ্টির ফলে চিবার বহু গুরুত্বপূর্ণ সড়ক ও রেললাইন পানির নিচে তলিয়ে গেছে।
ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে রাজধানী টোকিওতেও মারাত্মক প্রভাব পড়েছে। এদিকে, অতিরিক্ত বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
শুক্রবার বিমানবন্দরটিতে আটকা পড়েছেন অন্তত ৭ হাজার আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যাত্রী, ফলে তাদের ভোগান্তি বেড়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে বলে জানিয়েছে।