নোয়াখালীর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা কলোনী থেকে সিআইডি কর্মকর্তা পরিচয়ে এক নারীকে তুলে নেওয়ার চেষ্টাকালে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন লক্ষ্মীপুরের শুভ চৌধুরী, রাজশাহীর অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্য জাহাঙ্গীর আলম, বগুড়ার অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবুল কাশেম সোহেল, এবং চট্টগ্রামের অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরেল মো. শাহাদাত হক খান চৌধুরী।
পুলিশ জানায়, বুধবার মধ্যরাতে মো. আতাউর রহমান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান যে, কয়েকজন ব্যক্তি সিআইডি পুলিশ পরিচয়ে তার মেয়েকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশের অভিযানে দেখা যায়, জাহাঙ্গীর আলম, আবুল কাশেম সোহেল ও শাহাদাত হক খান চৌধুরী সিআইডি পুলিশের জ্যাকেট পরে এবং হাতে ওয়াকিটকি নিয়ে অবস্থান করছিলেন। পরে শুভ চৌধুরী, রুবেল হোসেন ও মো. নাদিরকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের কাছ থেকে সিআইডি পুলিশের জ্যাকেটের আদলে তৈরি চারটি জ্যাকেট, তিনটি ওয়াকিটকি এবং একটি এক্স-নোহা গাড়ি উদ্ধার করা হয়েছে। গাড়িটি থেকে আরও একটি খাকি রঙের জ্যাকেট উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আতাউর রহমানের মেয়ের সঙ্গে শুভ চৌধুরীর বিয়ে হয়েছিল, যা ২১ জানুয়ারি বিচ্ছেদের মাধ্যমে শেষ হয়। বিচ্ছেদের পর শুভ চৌধুরী সিআইডি পুলিশ পরিচয়ে ওই বাসায় প্রবেশ করে অপহরণের চেষ্টা করেন।
ওসি মো. নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারদের আজ বিকেলে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।