মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

লালমনিরহাটে কলেজ শিক্ষকের ওপর হামলার মূল অভিযুক্ত গ্রেফতার

লালমনিরহাটে কলেজ শিক্ষকের ওপর হামলার মূল অভিযুক্ত রহিদুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব।

লালমনিরহাটে কলেজ শিক্ষকের ওপর হামলার মূল অভিযুক্ত গ্রেফতার

লালমনিরহাটে মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষক আরিফুল ইসলামের ওপর হামলার মূল অভিযুক্ত রহিদুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে রংপুর র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত রহিদুল ইসলাম আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। বুধবার রাতে ঢাকার হাতিরঝিল নয়াটোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, কলেজ শিক্ষক আরিফুল ইসলাম তার নিজ এলাকায় মাদক ও জুয়া চক্রকে সতর্ক করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করার ঘোষণা দেন।

গত ১ আগস্ট কলেজ থেকে বাড়ি ফেরার সময় রহিদুলের নেতৃত্বে জুয়া চক্রটি দেশি অস্ত্র নিয়ে আরিফুলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আরিফুল মাথায় গুরুতর জখম হন এবং তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এদিকে, গত ৬ আগস্ট আরিফুলের গর্ভবতী স্ত্রী ক্লিনিকে অস্ত্রপাচার করে ছেলে সন্তানের জন্ম দেন। বর্তমানে আরিফুল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন, যার ফলে তার পরিবার দিশেহারা হয়ে পড়েছে।

এ ঘটনার পর আরিফুলের বাবা আবু বক্কর সিদ্দিক বাদি হয়ে ২ আগস্ট রহিদুলসহ ১০ জনের বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা করেন। যদিও মামলার ৮ জন জামিনে মুক্তি পেয়েছেন, প্রধান অভিযুক্ত রহিদুল পলাতক ছিলেন।

র‌্যাবের কর্মকর্তারা জানান, বহুল আলোচিত এই হামলার মামলার প্রধান অভিযুক্ত রহিদুলকে গ্রেফতার করা হয়েছে এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন